নিজ মাঠে লজ্জাজনক পরাজয় জিম্বাবুয়ের

সিন উইলিয়ামসের প্রথম টেস্ট সেঞ্চুরি স্বত্ত্বেও রোববার বুলাওয়েতে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।
কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাঁ-হাতি পেসার নেইল ওয়াগনারের ৮ উইকেট শিকারের ফলে জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানে আউট করে ইনিংস ও ১১৭ রানে জয় পায় সফরকারী কিউইরা।
একই ভেন্যুতে শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
ম্যাচের তিন দিন সফরকারীদের একক প্রাধান্য বিস্তারের পর উইলিয়ামস জিম্বাবুইয়ান খেলোয়াড়দের মধ্যে দ্রুত তিন অঙ্কের কোটা স্পর্শ করেন। অসুস্থতার পর মাঠে নামা উইলিয়ামস মাত্র ১০৬ বলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন।
অসুস্থতার কারণে গত দু’দিন মাঠের বাইরে থাকতে হয়েছে উইলয়ামসকে। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায়। জবাবে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫৭৬ রানে ইনিংস ঘোষণা করে। ফলে ৪১২ রানের লিড পায় সফরকারীরা। ৬ উইকেটে ১২৪ রান নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ব্ল্যাক ক্যাপসদের দ্বিতীয়বার ব্যাট করতে নামাতে হলে তখনো স্বাগতিকদের ২৮৮ রানের প্রয়োজন ছিলো।
অধিনায়ক গ্রায়েম ক্রেমারের (৩৩) সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ১১৮ রান যোগ করা উইলয়ামসন বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনারের বলে আউট হওয়ার আগে ব্যক্তিগত ১১৯ রান করেন ।




