নিজেকে ক্ল্যাসিক সিনেমার ভিলেন বানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক বিদঘুটে টুইটে অবাক হয়েছেন ক্ল্যাসিক সিনেমার ভক্তরা। সেখানে নিজেকে ‘মিউনিটি অন দ্য বাউন্টি’র ভিলেন ক্যাপ্টেন ব্লা’র সঙ্গে নিজেকে তুলনা করেছেন তিনি।
একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মিউনিটি অন দ্য বাউন্টি’তে উঠে এসেছে এক নিষ্ঠুর ও স্বৈরাচারী ক্যাপ্টেনের গল্প। নাবিকেরা বিদ্রোহ করে অনুগত লোকদেরসহ জাহাজ থেকে নামিয়ে দেয় যাকে।
সম্প্রতি করোনাজনিত লকডাউন তুলে নেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। এই নিয়ে ডেমোক্রেট গভর্নররা তাকে চ্যালেঞ্জ করেন। যার উত্তরে ট্রাম্প জানান, সব কর্তৃত্ব তার।
মঙ্গলবার এক টুইটে ট্রাম্প ‘মিউনিটি অন দ্য বাউন্টি’র কথা স্মরণ করিয়ে দেন। যা তার সব সময়ের অন্যতম পছন্দের সিনেমা। সেখানে নিজেকে ক্যাপ্টেন ব্লা’র সঙ্গে তুলনা করে বিদ্রোহকে সব সময় উত্তেজনাকর বলে উল্লেখ করেন। সঙ্গে নিজের ক্ষমতা জাহির করতে ভোলেননি।
সমস্যা হলো- হলিউড সিনেমার ইতিহাসে সব সময় ক্যাপ্টেন ব্লা একজন ধর্ষকামী ভিলেন বলে বিবেচিত। এএফআই-এর অলটাইম ভিলেন তালিকায় এই চরিত্রটি ১৯ নম্বরে রয়েছে।
অবশ্য ‘মিউনিটি অন দ্য বাউন্টি’র কোন সংস্করণটি ট্রাম্পের পছন্দের তা জানা যায়নি। ১৯৩৫ সাল থেকে শুরু করে একাধিকবার সিনেমাটি নির্মিত হয়েছে। ভিলেন হিসেবে চালর্স লাফটন, ট্রেভর হাওয়ার্ড ও অ্যান্থনি হপকিন্সকে পর্দায় দেখা গেছে নানা সময়ে।
এর আগেও সিনেমার খারাপ মানুষের সঙ্গে নিজেকে তুলনা করেছেন ট্রাম্প। বরাবরের মতো এবারও তার ট্রাম্প নিয়ে অনেকে মজার মজার মন্তব্য করেছেন।




