
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পিকআপ গাড়ির চাপায় মো.খালেক হাওলাদার (৭১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলাধীন প্রতাপ বাজার এলাকায় ২ মে (শনিবার) বিকেলে সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী। নিহত খালেক হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বাড়ৈগাতি গ্রামের মৃত ইমান উদ্দিন হাওলাদার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে ওই বৃদ্ধ বরিশাল থেকে বাসে চড়ে বাড়ি ফেরার পথে নলছিটি উপজেলার প্রতাপ বাজার এলাকায় নামেন। গাড়ি থেকে নেমে সড়ক পার হওয়ার সময় বিদ্যুৎ বিভাগের নীল রঙের একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বৃদ্ধ মো. খালেক হাওলাদার।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



