sliderস্থানিয়

নগরকান্দায় জোড়া খুনের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় মো. রেজাউল মাতুব্বর (৫০) নামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামে অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রেজাউল মাতুব্বর বাবুর কাইচাইল গ্রামের 
মৃত সাহেদ আলী মাতুব্বরের ছেলে। তিনি নগরকান্দার কাইচাইল এলাকার চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসূল সামদানী আজাদ বলেন, রেজাউল মাতুব্বর নগরকান্দার আলোচিত জোড়া খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘ ৭ বছর পলাতক ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার রেজাউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, ২০১৯ সালের ১০ আগস্ট নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল মাদ্রাসা মাঠে প্রতিপক্ষের গুলিতে নিহত হন রওশন মিয়া ও তার ভাতিজা তুহিন মিয়া। এ ঘটনায় তুহিনের বাবা রায়হান মিয়া বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার পর আইনি প্রক্রিয়া ও বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। এর মধ্যে রেজাউলকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button