দুর্দান্ত লড়াই করেছিল আফগানরা

২৫৬ রানের জবাবে ৬৪ রানে ৪ উইকেট, ৯৯ রানে ৫ উইকেটের পতন। কিন্তু তবুও হালা ছাড়েনি আফগানিস্তান। শেষ পর্যন্ত লড়াই করেছে। ম্যাচে হেরেছে, কিন্তু সিরিজে হারেনি।
আয়ারল্যান্ড-আফগানিস্তান কোনো দলেরই সিরিজ জেতা হয়নি। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২-এ সমতায় শেষ হয়েছে। মঙ্গলবার পঞ্চম ও শেষ ওয়ানডেটি আইরিশরা জিতে নিয়েছে ১২ রানে। আর এতে বড় ভূমিকা রাখেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান এড জয়েস। মূলত তার অপরাজিত ১৬০ রানের ইনিংসই আয়ারল্যান্ডকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করেছে।
এদিন বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ডের ছুঁরে দেওয়া ২৬৬ রানের লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে আফগানদের নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে থামতে হয়েছে ২৫৩ রানে। ২৭ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ (৭), জাভেদ আহমেদী (৩) ও গুলবাদিন নাঈব (২) আউট হলে চাপে পড়ে আফগানিস্তান। সেই চাপকে আর জয় করতে পারেনি সাহসী আফগানরা।
লোয়ার মিডল অর্ডারে নাজিবুল্লাহ জাদরান ৬৬ বলে ৫৪ ও রশিদ খান ৩২ বলে ৪০ রান করে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন। শেষ চেষ্টা করেছিলেন পেসার দৌলত জাদরান। তিনি মাত্র ১৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তিন চারের সঙ্গে ছক্কা মেরেছেন দুটি। এছাড়া অধিনায়ক আসগর স্ট্যানিকজাই ৩২ ও রহমত শাহ ৩০ রান করেন। কেভিন ও’ ব্রায়েন ৫৭ রানে ৩টি, ম্যাককার্থি ২১ ও চেজ ৩৯ রানে নিয়েছেন ২টি করে উইকেট।
এরআগে আয়ারল্যান্ডের ইনিংস ছিল এড জয়েসমুলক। তিনি ১৬০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। ১৪৮ বলে খেলা জয়েসের এই ইনিংসে ১৯টি বাউন্ডারী ও তিনটি ছক্কা মেরেছেন। এছাড়া গ্যারি উইলসনের ব্যাট থেকে এসেছে ৯২ বলে ৫৮ রানের ইনিংস।পাঁচ চারের পাশাপাশি ছক্কা মেরেছেন একটি। ৪৯ রানে ২টি উইকেট পেয়েছেন দৌলত জাদরান। পুরো সিরিজে অসাধারণ ব্যাট করায় ম্যান অব দ্য সিরিজ হয়েছেন এড জয়েস।




