Uncategorized

ত্রাণের দাবিতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ

ত্রাণের দাবিতে লকডাউন ভেঙে গাইবান্ধা-পলাশবাড়ী উপজেলা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে যাওয়া দিনমজুররা।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নতুন জেলখানার সামনে এই কর্মসূচি পালন করেন বল্লমঝাড়ের ৭ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক নারী-পুরুষ।
এ সময় সড়কের দুই পাশে জরুরি পরিবহন কাজের ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে ভোগান্তির শিকার হয়।
দিনমজুররা জানান, গত ২৬ মার্চ সাধারণ ছুটি শুরুর দিন থেকেই তারা কর্মহীন হয়ে পড়েছেন। কারো কাছে গেলে কেউ আর কাজ দেন না। কেউ যানবাহন নিয়ে রাস্তায় বের হলেই টায়ারের হাওয়া ছেড়ে দিয়ে মারধর করা হচ্ছে। ফলে এক মাস ধরে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অনেকেই ঋণ করে সংসার চালাচ্ছেন।
এ অবস্থায় ইউপি চেয়ারম্যান ও সদস্যের সাথে যোগাযোগ করেও আজ পর্যন্ত কিছুই পাননি বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রসুন কুমার চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, কেউ যাতে খাবার ছাড়া কষ্ট না পায় এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। একটা ঘরও খাবার ছাড়া থাকবে না। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে লকডাউন চলছে। এসময় কারো ঘরে খাবার না থাকলে উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে। আমাদেরকে জানালে হবে।
ইউএনও আরও বলেন, তারা আমাদের সাথে আগে যোগাযোগ করেনি। এরপরও তাদেরকে একটি তালিকা করে জমা দিতে বলা হয়েছে। তারা যত দ্রুত তালিকা জমা দেবেন যাচাই-বাছাই করে তত দ্রুত তাদেরকে ত্রাণ দেয়া হবে।
দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button