তারাগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় বাসের সুপারভাইজার নিহত

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় রেজাউল হক ফিডার(৫০) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। তিনি মিঠাপুকুর উপজেলার জায়গীরগাট এলাকার নিস্তুতপুরের আব্দুর রহমানের ছেলে। এসময় অপর বাসযাত্রী ও রংপুর নগরীর কামারপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হক(৪২) মারাত্মক আহত
হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-সৈয়দপুর হাইওয়ের তারাগঞ্জ উপজেলার ঘণিরামপুর এলাকায় এঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ আলী জানান- ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মিথিলা এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো-১৩-০০২৮) ওই স্থানে পৌঁছলে একই দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী মালবাহী ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৫-৬০০৭) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই দু’জন মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। বর্তমানে বাস ও ট্রাক তারাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।




