
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে নেমে আহত হয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
বৃহস্পতিবার দুপুরে রুহুল কবির রিজভী রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তাবিথ আউয়ালের পক্ষে প্রচারে নামেন। এ সময় তার ওপর হামলা হয় বলে অভিযোগ ওঠে।
হামলায় রিজভীসহ প্রচারে থাকা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে বিএনপি জানায়। হামলায় আহত রিজভীকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।
সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ দেশ রূপান্তরকে বলেন, ‘রিজভী ভাইয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আমরা মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে কারওয়ান বাজারে প্রচার চালাই। কারওয়ান বাজারের কাঁচাবাজার এলাকায় প্রচার শেষে তেজগাঁও রেললাইনের কাছে গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে রিজভী ভাইসহ আমরা আহত হয়েছি।’
তিনি বলেন, তাবিথ ছাড়াও আমরা ২৬ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান সাব্বিরের পক্ষে প্রচার চালিয়েছি। হামলায় সাব্বিরও আহত হন।




