ঠাকুরগাঁও হাসপাতালের ৭ চিকিৎসক করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৭ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই চিকিৎসকেরা এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ফলে হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
কভিড-১৯ এ যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন- ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.নাদিরুল আজিজ চপল, শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ, চক্ষু বিশেষজ্ঞ ডা. আশরাফুল ইসলাম, গাইনি বিশেষজ্ঞ ডা. রোকেয়া সাত্তার, কার্ডিওলজিস্ট ডা. রেজাউল করিম শিপলু, মেডিকেল অফিসার ডা. জিপি সাহা, রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান।
অন্যদিকে হরিপুর উপজেলার পরিবার ও পরিকল্পনা বিভাগের উপ-সহকারী কমিউনিটি হেলথ চিকিৎসক (সেকমো) জাকারিয়া হোসেন (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামসহ ৭জন নার্স ও কর্মচারী আক্রান্ত হয়েছিলেন। এখন তারা পুরোপুরি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে এ জেলায়।
তিনি আরও বলেন, কভিড-১৯ এ ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিমের বাবা-মাসহ বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৯৬জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৩০২জন।
গত ২৪ ঘণ্টায় ৭৫ বছর বয়সের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ নেতা রওশন আলীসহ ১০জন মারা গেল। আর নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৭ জন।




