রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ভবনে লাগা আগুন নিভেছে। ভবনটির চতুর্থ তলার সার্ভার রুমে শনিবার (৩০ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে আগুন লেগেছিল।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘টিউবলাইট থেকে আগুন লেগেছিল। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও ভবনটির নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।’
ভবনটির প্রকৌশলী আরিফ হোসেন বলেন, ‘চার তলার কোনার দিকে একটি স্টোর রুমের টিউব লাইট বিস্ফোরিত হয়। আমরা নিজেদের ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। আমাদের ভবনে আগুন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আছে।’




