টানা তিন সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে বাবর আজম

সংযুক্ত আরব আমিরাতে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলমান তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচেই সেঞ্চুরি করেছেন পাকিস্তানের নতুন ব্যাটিং সেনসেশন বাবর আজম। মাত্র দেড় বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই মিডলঅর্ডার ব্যাটসম্যান এর মাধ্যমে ঢুকে গেছেন রেকর্ড বইয়ের একটি পাতায়। ওয়ানডেতে টানা সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় তার নাম এখন যৌথভাবে দুইয়ে।
তালিকার প্রথম নামটি অবশ্য শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার। ক্যারিয়ারের শেষ বেলায় ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে সাঙ্গা পরপর চার ম্যাচে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলেন যথাক্রমে ১০৫*, ১০৭*, ১০৪, ১২৪ রানের ইনিংস।
তালিকার দ্বিতীয় অবস্থানে অর্থাৎ পরপর তিনটি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন এখন পর্যন্ত ৭ জন ব্যাটসম্যান। এর মধ্যে জহির আব্বাস ও সাইদ আনোয়ারের পর তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে এই তালিকায় বুধবার নিজের নাম লেখালেন বাবর আজম।
এছাড়া এ তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকারও তিন জন ক্রিকেটার। হার্শেল গিবস, এবিডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি কক টানা তিনটি করে সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে। আর আছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর।




