
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজাপুর ও কাঠাঁলিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ এবং ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলার দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করা ২৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন। একই সময়ে বাকি ১৬ জন প্রর্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।
ঝালকাঠি-১ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে, তারা হলেন- মনোনয়নপত্রে স্বাক্ষর না করায় লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত, ১% ভোটারের তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় স্বতন্ত্র প্রার্থী মঈন আলম ফিরোজী, শিক্ষাগত সনদ না দেওয়ায় গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন, ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায় স্বতন্ত্র প্রার্থী কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমানের, দলীয় মনোনয়নের চিঠির মূল কপি না থাকায় জাতীয় পার্টি (জাপা) কামরুজ্জামান খানের মনোনয়ন বাতিল করা হয়।
ঝালকাঠি-১ আসন বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি দলীয় প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ডঃ ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপি’র ডাঃ মাহামুদা মিতু, জাতীয় পার্টি (জেপি)’র এনামুল ইসলাম রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, জাতীয় পার্টি (জেপি)’র মাহিবুল ইসলাম মাহিম এবং স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ।
ঝালকাঠি-২ আসনে ঋণ পরিশোধ না করায় জাতীয় পার্টি (জাপা)’র এম এ কুদ্দুস খান, ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্র মো. নুরুদ্দীন সরদার এবং আয়কর বকেয়া থাকায় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে।
ঝালকাঠি-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, আমার বাংলাদেশ (এবি পার্টি)’র শেখ জামাল হোসেন, এনপিপির ফোরকান হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র মাসুদ পারভেজ এবং গন অধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন জানানন, ঝালকাঠি-১ আসনে ৬ জনের এবং ঝালকাঠি-২ আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মনোনয়ন যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহম্মদ জাহিদ হোসেনসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।




