জেরুসালেমকে আঘাতের অর্থ আগুন নিয়ে খেলা করা : আরব লীগ

আরব লীগের মহাসচিব আহমাদ আবুল গেইত বলেছেন, জেরুসালেমে আঘাতের অর্থ হচ্ছে আগুন নিয়ে খেলা করা। বৃহস্পতিবার মিসরের কায়রোতে আরব লীগের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।
জেরুসালেম ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করতে এ বৈঠক ডাকা হয়েছিল।
আরব লীগের বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, জেরুসালেমের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত মূর্খতা ও নিষ্ঠুরতার পরিচায়ক।
গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের প্রতিবাদ সত্ত্বেও জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন। জাতিসঙ্ঘের প্রায় সব দেশ ট্রাম্পের এ পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছে।
বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ জেরুসালেমে অবস্থিত। ট্রাম্পের ওই ঘোষণার পর ফিলিস্তিনিরা নতুন করে ইন্তিফাদা শুরু করেছে।




