
দেশের বড় বড় জঙ্গি হামলাগুলোতে বিদেশি অর্থের সহায়তা আছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় বিদেশি অর্থের সহায়তার পাশাপাশি অস্ত্রও বিদেশ থেকে সরবরাহ করা হয়েছে। সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম জানান, দেশের বড় বড় সন্ত্রাসী হামলাগুলোতে দেশের বাইরে থেকেই অস্ত্র এসেছিলো। এক্ষেত্রে বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবহার করা হয়। অস্ত্রের জোগানদাতারা রুট হিসেবে ভারতকে ব্যবহার করে। তবে অস্ত্রগুলো ঠিক কোন দেশের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
এছাড়া বিদেশ থেকে অর্থ আনার জন্য হুন্ডি ব্যবহার করা হয়েছিলো। গুলশান হামলার আগে হামলায় জড়িতরা হুন্ডির মাধ্যমে ১৪ লাখ টাকা গ্রহণ করে।
অস্ত্র ও টাকা আদান-প্রদানের ক্ষেত্রে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান। তিনি জানান, জঙ্গি হামলায় জড়িত হিসেবে রাজীব গান্ধী ওরফে প্রভাষ নামে আরও একজনের নাম পাওয়া গিয়েছে। তার খোঁজ চলছে।




