ছুটি কাটাতে মালদ্বীপে সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মিশন শেষ করে দেশে ফিরেই পরিবার নিয়ে ছুটি কাটাতে মালদ্বীপ গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় ৫০ দিনের মিশনে সিপিএলে দলকে চ্যাম্পিয়ন করে দর্শক আর ক্লাবের দাবি মিটিয়েছেন, এবার যে পরিবারকে সময় দেয়ার পালা।
শুক্রবার সকালে দেশে ফেরেন সাকিব। আর কয়েকদিন পরই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে। তবে তার আগের এই ছুটির সময়টা চুটিয়ে উপভোগ করতেই স্বপরিবারে চলে গেলেন মালদ্বীপ।
মালদ্বীপে স্ত্রী উম্মে আহমেদ শিশির, কন্যা আলায়না হাসানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাকিব। সোমবার সাকিবের স্ত্রী শিশির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভ্যারিফাইড আইডিতে মালদ্বীপে ঘুরে বেড়ানোর একটি ছবি পোস্ট করেন।
আগামী ২০ তারিখ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চান্দিকা হাতুরুসিংহের নেতৃত্বে শুরু হবে জাতীয় দলের স্কিল ট্রেনিং। ছুটি কাটিয়ে দেশে ফিরেই ক্যাম্পে যোগ দেবেন বাঁ-হাতি এই অলরাউন্ডার।




