জাতীয়

চেয়ার ফিরে পেলেন মেয়র মান্নান

গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান সাময়িকভাবে বরখাস্ত হওয়ার চারদিন পর ফের আদালতের নির্দেশে মেয়রের চেয়ারে বসেছেন।
সোমবার দুপুর ১টার দিকে অধ্যাপক এমএ মান্নান ওয়ার্ড কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীদের নিয়ে নগর ভবনে গিয়ে নিজ দফতরের চেয়ারে বসেন।
এর আগে অধ্যাপক এমএ মান্নান গাজীপুর নগর ভবনে আসবেন এমন খবরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিএনপিপন্থি ওয়ার্ড কাউন্সিলররা সিটি কপোরেশনের সামনে এসে উপস্থিত হন। দুপুর ১টার দিকে নগর ভবনের প্রধান ফটকের সামনে গাড়ি থেকে নামার পর দলীয় নেতাকর্মী, কাউন্সিলর এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরে নিজ দফতরে এক প্রতিক্রিয়ায় মেয়র অধ্যাপক এমএ মান্নান বলেন, ‘আইনী লড়াইয়ের মাধ্যমে বিজয়ী হয়ে ফের মেয়রের দায়িত্ব পালন করতে এসেছি। যেহেতু সিটি করপোরেশন নির্বাচনের এক বছরেরও কম সময় রয়েছে সেহেতু এই স্বল্প সময়ে রাস্তাঘাট, পানি নিষ্কাশনসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ জরুরি কাজগুলো দ্রুত সময়ে সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান ২০১৩ সালের ৬ জুলাই প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর গত চার বছরে তিনবার বরখাস্ত এবং ২২ মাস করাভোগ করেছেন। তিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন ১৮ মাস ১৯ দিন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা দায়ের হয়েছে।
২৮ মাস নগর ভবনের বাইরে থাকার পর গত ১৮ জুন আদালতের নির্দেশে মেয়রের দায়িত্ব নেয়ার ১৯ দিনের মাথায় গাজীপুর সিটি কপোরেশন নির্বাচনের ৪র্থ বছর পূর্তির দিন ৬ জুলাই ফের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে দুদকের দায়ের করা একটি মামলায় আদালতে অভিযোগ গৃহীত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সাময়িকভাবে বরখাস্ত করে।
মেয়র পদ ফিরে পেতে বরখাস্তের আদেশের বিরুদ্ধে অধ্যাপক এমএ মান্নান গত রবিবার হাইকোর্টে রিট আবেদন করেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হলে আদালত ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। তৃতীয় দফা সাময়িক বরখাস্তের চারদিন পর সোমবার দুপুরে তিনি ফের মেয়রের চেয়ারে বসলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button