
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলের শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: ইউসুফ আলীর সভাপতিত্বে শিবগঞ্জ উন্নয়ন ফোরামের আহবায়ক জহিরুল কাইউম বাবর স্বাগত বক্তব্য রাখেন।
এ সময় আরও বক্তব্য দেন, জুলাই যোদ্ধা আল বাশরী সোহান, অধ্যাপক আবুল বাশার, সুজন শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সহ সভাপতি এ কে এস রোকন, সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন সময় বৈষম্যের শিকার হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা করেন। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ থাকা সত্ত্বেও ৪ লেন রাস্তার দাবি অগ্রাহ্য করে নামে মাত্র রাস্তা সম্প্রসারনের জন্য দুর্বল নেতৃত্বকে দায়ী করেন। সারাদেশে ৮ জেলায় মেডিকেল কলেজ স্থাপনে সরকার উদ্যোগ নিলেও চাঁপাইনবাবগঞ্জ এ তালিকার বাইরে থাকায় এ নিয়ে ব্যাপক সমালোচনা করেন বক্তারা।ভৌগলিক কারণে জেলার মধ্যভাগে শিবগঞ্জ উপজেলা হওয়ায় শিবগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান সমাবেশে অংশ গ্রহনকারীরা ।
চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের জন্য এ উন্নয়ন ফোরামকে দলমত নির্বিশেষে সোচ্চার হবার জন্য আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।




