
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশ জুড়ে চলা কার্যত লকডাউনের ফলে বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিভিন্ন স্থানে ত্রাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনের খবরও পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরীতে খাবারবাহী একটি পিকআপ লুট করে খাবার নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পোল এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে। অন্যদিকে একই এলাকায় ত্রাণের জন্য দুই ঘণ্টা সড়ক অবরোধ করে সিএনজি চালকেরা।
জানা যায়, রাষ্ট্রায়ত্ত একটি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য পিকআপে করে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে ছিল মাছ, গরুর মাংস, চাল, আপেল, মাল্টাসহ বিভিন্ন ধরনের ফলমূল এবং চাল। গাড়িটি হালিশহর বড়পোল এলাকায় আসলে গাড়ির সামনে এসে আটকে ধরে স্থানীয়রা। তারা দ্রুত গাড়িতে বিভিন্ন সামগ্রী নিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়।
পিকআপের ড্রাইভার রবিউল আলম বলেন, গাড়িতে করে মাছ, মাংস, চাল ও ফলমূল নিয়ে যাচ্ছিলাম রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েলে। কিন্তু বড়পোল এলাকায় স্থানীয়রা আমার গাড়ি আটকে রেখে অধিকাংশ মালামাল নিয়ে যায়। তাদের অনেক বলার পরও কেউ ফেরত দেয়নি।
এদিকে, সড়ক অবরোধের বিষয়ে হালিশহর থানা-পুলিশের উপপরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, ত্রাণের জন্য সিএনজি চালকরা সড়কে অবস্থান নেয়। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা সড়কে অবস্থান নেন। পরে আমরা সেখানে গিয়ে তাদের তালিকা করে ত্রাণ সহায়তার জন্য চেষ্টা করব বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিই। দেশ রূপান্তর।




