
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে নামাজরত অবস্থায় এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন। ১৯ জুলাই রবিবার বিকেলে কটিয়াদী বাজার কলা মহাল দরগা জামে মসজিদে আসরের নামাজরত অবস্থায় মো: তারামিয়া (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃত তারা মিয়া কটিয়াদী পৌরসভার বাগরাইট গ্রামের মৃত মোহাম্মদ ইউনুস আলী মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে পৌরসভাধীন কটিয়াদী পূর্ব পাড়ায় বসবাস করতেন। তাছাড়া তিনি কটিয়াদী বাজারের একজন প্রতিষ্ঠিত তুলার ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী মুসল্লিদের নিকট থেকে জানা যায় রবিবার বিকেলে তিনি কটিয়াদী বাজারের কলমহল দরগা জামে মসজিদে জামায়াতের সাথে আসরের নামাজ আদায় করছিলেন। তৃতীয় রাকাত শেষে চতুর্থ রাকাতে দাঁড়ানোর পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে নামাজের বিছানায় লুটিয়ে পড়েন। নামাজ শেষে উপস্থিত মুসল্লীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মসজিদ সংলগ্ন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতা ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইশা খান জানান তারা মিয়াকে হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
তার পারিবার ও আত্মীয়-স্বজন সূত্রে জানা যায় মৃত তারা মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক জটিল রোগে ভুগছিলেন।
কলা মহল দরগাহ জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মিয়া খুবই ভালো ও সৎ লোক ছিলেন। তিনি মসজিদের একজন নিয়মিত মুসল্লি ছিলেন।
তারা মিয়ার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। মুসল্লী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।



