Uncategorized

গাজীপু‌র‌ হাইওয়ে পু‌লি‌শ সুপার কার্যালয় পুড়ে ছাই

টঙ্গী ইসলামপুর (দত্তপাড়া) লেদু মোল্লা রোডে গাজীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আগুনে অফিসের যাবতীয় আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ, সিসি টিভি, ফাইলপত্র পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভবন মালিক জানান, পাশের রাস্তায় একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় এসপি অফিসের মাল্টি ফ্লাগে শর্ট শার্কিটে আগুন লেগে মুহূর্তের মধ্যে অফিস কক্ষের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে।
কার্যালয়ের যানবাহন শাখায় কর্মরত এসআই আশরাফুল আলম জানান, তারা সকাল সাড়ে ৭টায় অফিসে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গীর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হন। তবে ততক্ষণে হাইওয়ে পুলিশ সুপারের অফিস কক্ষের যাবতীয় আসবাবপত্র, কম্পিউটার সিস্টেম, সিসি টিভি, ল্যাপটপ, কম্পিউটার ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে অফিসের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি দাবি করেন।
হাইওয়ে পু‌লিশ সুপার আলী আহমেদ খান নয়া দিগন্তকে জানান, ঘটনার সময় তারা অফিসে ছিলেন না। ফলে জিনিসপত্র উদ্ধার করতে পারেননি।
টঙ্গী ফায়ার সা‌র্ভিসের সি‌নিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, সকালে আগুন লাগার খবরে তাদের দু‌টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য টঙ্গীর লেদু মোল্লা রোডে কয়েকটি বাড়ি ও খালি জায়গা ভাড়া নিয়ে হাইওয়ে গাজীপুর অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয় পরিচালিত হচ্ছে। একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় এসপির অফিস কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button