কোনও দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না : ঘিওরে দুদক মহাপরিচালক

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (লিগ্যাল ও প্রসিকিউশন) মীর রুহুল আমিন বলেছেন, ‘সব দুর্নীতিবাজের বিরুদ্ধে দুদক সোচ্চার আছে। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তবে দুর্নীতি প্রতিরোধ দুদকের একার পক্ষে সম্ভব নয়। সকলের আন্তরিক সহযোগিতা পেলেই আমরা সাফল্যম-িত হব। পরিবার থেকেই দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করুন, দুর্নীতিকে ঘৃণা করুন তবে সিংহভাগ দুর্নীতি কমে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানে তরুণদেরকে নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক শিক্ষা দিয়ে লোভ দমন করতে হবে।
গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জের ঘিওরে এতিম ও অসহায় শিশুদের পূর্নবাসন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দুদক স্বাধীন ভাবে কাজ করছে। ছাড় পাচ্ছে না রাঘব বোয়ালরাও। উচ্চপর্যায়ের কর্মকর্তা, প্রভাবশালী রাজনীতিকও দুদকের জালে আটকা পড়েছেন।
উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা এলাকায় পূর্নবাসন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা আজিমনগর মিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো: ফিরোজ আলম।
এসময় বক্তব্য দেন, মানবাধিকার বাস্তবায়ন কমিশনের মহাসচিব ডা: মো: কামাল হোসেন, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, ড. হায়দার আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: আব্দুল আওয়াল, আয়োজক সংস্থার সমন্বয়কারী সৈয়দ মাজহারুল ইসলাম রাজু প্রমুখ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠন আজিমনগর মিশন এ প্রতিষ্ঠানটি নির্মাণ ব্যয় বহন করছেন। শতাধিক এতিম শিশুর পূর্নবাসনের পাশাপাশি এ কেন্দ্রে নৈতিকতা শিখণ ও বিনামূল্যে কারিগরী প্রশিক্ষণ প্রদান করে তাঁদের স্বাবলম্বী ও কর্ম ব্যবস্থা সৃষ্টি করা হবে।


