খেলা

কেন বার্সেলোনা ছাড়তে উদগ্রীব নেইমার?

অনেকদিন ধরে কানাঘুষোর পর বার্সেলোনা ছাড়ার ইচ্ছা নেইমার বুধবার স্পষ্ট করে জানিয়ে দেন। পরপরই তাকে অনুমতি দিয়ে দেয় বার্সেলোনা।
তবে ফ্রান্সের ক্লাব প্যারি স জার্মাইন বা পিএসজিকে বার্সেলোনা জানিয়ে দিয়েছে, নেইমারকে পেতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো (১৯৮ মিলিয়ন পাউন্ড বা ২৬০ মিলিয়ন ডলার) ফি দিতে হবে।
জানা গেছে, ফুটবলের ইতিহাসে রেকর্ড এই ট্রান্সফার ফি নিয়ে প্রস্তুত রয়েছেন পিএসজির কাতারি মালিক নাসের আল খেলাইফি। শুধু এই ফি নয়, যে মজুরী বা বেতন নেইমারকে দিতে হবে তাও চোখ কপালে তোলার মতো।
নেইমারের প্রতিনিধি ওয়াগনার রিবেরো জানিয়েছেন, পিএসজি নেইমারকে সপ্তাহে ৬৫০,০০০ পাউন্ড সম-পরিমাণ বেতন দিতে রাজী হয়েছে। পুরো টাকাটাই নেইমারের পকেটে যাবে, কারণ এই টাকার আয়কর ক্লাবই পরিশোধ করবে।
মেসি ফ্যাক্টর
বার্সেলোনা বর্তমানে বিশ্বের এক অথবা দুই নম্বর ক্লাব। অন্যদিকে পিএসজি যে লীগের ক্লাব সেই ফরাসী লীগের অবস্থান এখনো ইউরোপের দ্বিতীয় সারিতে। সারা বিশ্বের খুব কম লোকই ফরাসী লীগের খেলা দেখে।
তাহলে কেন বিশ্বের এক নম্বর ক্লাব ছেড়ে পিএসজিতে যেতে চান নেইমার?
ক্রীড়া বিশ্লেষক মিহির বোস বললেন, পয়সা একটা বড় কারণ। ইতিহাসে এত দাম এখনো কোনো ফুটবলারের ওঠেনি। নেইমার বেতনও পাবেন আকাশচুম্বী।
আরেকটি কারণ – লিওনেল মেসি।
নেইমার অনেক ভালো ফুটবলার, কিন্তু লিওনেল মেসি এখনো বার্সেলোনায় এক নম্বর। সেই স্থান, মর্যাদা যে সহসা বদলাবে সে সম্ভাবনা নেইমার দেখছেন না। কিন্তু তিনি জানেন পিএসজিতে গেলে তিনি হবেন সেখানকার মধ্যমণি।
কিন্তু পিএসজিই বা নেইমারকে নিতে তহবিল উজাড় করতে প্রস্তুত কেন?
মিহির বোস বলছেন, ‘ক্লাবগুলো এখন আর শুধু ফুটবল খেলে না, তারা এখন একেকটি কোম্পানি।’
‘এমন নয় যে নেইমারকে নিয়ে পিএসজি রাতারাতি বিশ্বের শ্রেষ্ঠ ক্লাব হয়ে যাবে, চ্যাম্পিয়নস লীগ জিতে যাবে। কিন্তু এত পয়সা নিয়ে নেইমারের মত একজন ফুটবলারকে বার্সেলোনা থেকে ছিনিয়ে নিয়ে পিএসজি এটাই জানান দেবে যে তারাও শ্রেষ্ঠ ক্লাব হতে চায়, এবং সেই অর্থ শক্তি তাদের রয়েছে।’
তাছাড়া, নেইমারের মতো ফুটবলারকে নিয়ে পিএসিজ এশিয়াতে নিজেদের পরিচিতি বিস্তৃত করতে চায়। নেইমারের নাম লেখা শার্ট বিক্রি করেও প্রচুর পয়সাও করতে পারবে পিএসজি। সুতরাং নেইমারের পেছনে রেকর্ড বিনিয়োগ থেকে যথেষ্ট মুনাফা করতে পারবে পিএসজি।
সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button