Uncategorized
কাউখালীতে বাড়ি বাড়ি গিয়ে নতুন বই বিতরণ

কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালীর প্রত্যন্ত গ্রামে ‘সেবার নৌকা’য় করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে নতুন বই পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
শুক্রবার সকাল থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য-সুরক্ষাবিধি মেনে বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। বিশেষ করে নদী বেষ্টিত গ্রাম সোনাকুর, আমরাজুড়ি, গন্ধর্ব ও আশোয়াম গ্রামের নদীর পাড়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমুখ।



