
করোনার সংক্রমণ যাতে কোনোভাবেই গ্রামে না পৌঁছাতে পারে এ ব্যাপারে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেনন এটাই এই মুহূর্তে আমাদের সবার কাছে বড় চ্যালেঞ্জ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার বিকেলে দেশটির সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে মিলিত হন মোদি। করোনা প্রতিরোধে এটি ছিল তার পঞ্চম বৈঠক।
তৃতীয় দফার লকডাউন শেষ হলে দেশের কোথায় কেমন ধরনের নিষেধাজ্ঞা থাকা উচিত ও কোথায় কতটা শিথিল হবে তা বুঝতেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই ভিডিও কনফারেন্সিং বসেন ভারতের প্রধানমন্ত্রী।
বৈঠকের শুরুতে মোদি বলেন, ঘরে ফিরতে চাওয়া মানুষের স্বাভাবিক প্রবণতা। যদিও যে যেখানে রয়েছেন সেখানেই থাকাই হচ্ছে ভাইরাস মোকাবিলার সেরা উপায়। কিন্তু কোনো কোনো সময় মানুষের ইচ্ছার কাছে হার মানতে হয়।
এদিন বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করেন। তার অভিযোগ, করোনা নিয়ে রাজনীতি করছে কেন্দ্র। রাজ্যে রাজ্যে বৈষম্য সৃষ্টি করেছে।
মমতা বলেন, এখন রাজনীতির সময় নয়। করোনার মোকাবিলায় একতরফা ব্যবস্থা নিয়ে রাজ্যকে অসুবিধায় ফেলছে কেন্দ্র। তাদের জিজ্ঞাসারও প্রয়োজন মনে করছেন না। এমন একটা ভাব দেখানো হচ্ছে যেন পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার।
এদিন মোদির সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সহ বিভাগীয় কর্তারা।




