খেলা

করোনায় তহবিল সংগ্রহে ভারত-পাকিস্তান ম্যাচ দাবি শোয়েবের

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হয় না অনেক দিন। দুই দেশের রাজনৈতিক বৈরিতায় ২০১২ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি তারা। তবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দুই দেশের প্রদর্শনী সিরিজ আয়োজনের দাবি জানিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের প্রস্তাব, চ্যারিটি এই সিরিজ থেকে পাওয়া অর্থ দুই দেশের করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যয় করার।
সংবাদ সংস্থা পিটিআইকে শোয়েব বলেন, ‘এই প্রথম দুই দেশের মধ্যে যে দেশই ম্যাচ জিতুক না কেন, দুই দেশের সমর্থকরাই সন্তুষ্ট হবেন। বিরাট সেঞ্চুরি করুন বা বাবর আজম। ম্যাচের অর্থ করোনা লড়াইয়ের স্বার্থে ব্যবহার করা হবে। এখানে হার-জিত নিয়ে কোনো লড়াই নেই। করোনাকে হারানোই এখানে প্রধান লক্ষ্য।’
সেই সাথে একটি স্বপ্নের কথাও বলেছেন শোয়েব। সেটি ক্রিকেটের মাধ্যমে ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নের, ‘বলা যায় না করোনা বিরুদ্ধে ক্রিকেট মঞ্চে এভাবে ভারত-পাকিস্তানের ভ্রাতৃত্ব ভবিষ্যতে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক ও রাজনৈতিক সম্পর্কেও অনেক উন্নতি করতে পারে।’
ভারত ও পাকিস্তানের মধ্যে ২২ গজে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। দুই দেশ আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই কেবল একে অপরের মুখোমুখি হয়ে থাকে। সর্বশেষ ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই দেখেছিল দর্শক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button