slider

এস এম সুলতানের পালিত কন্যা নিহার বালা আর নেই

নড়াইল প্রতিনিধি : বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত কন্যা নিহার বালা আর নেই। বুধবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। 
জানা যায়, শিল্পী সুলতান শহরের কুড়িগ্রামের একটি দ্বিতল জরাজীর্ণ বাড়িতে (বর্তমান শিশুস্বর্গ ভবন) থাকতেন। নিহার বালার স্বামী হরিপদ সাহা ও দুই কন্যাসহ সুলতানের বাড়ির পাশে বসবাস করতেন। শিল্পীর প্রতিবেশি হরিপদ সাহার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে নিহার বালা শিল্পী সুলতানকে কাকু বলে ডাকতেন।
সুলতানও তাকে মেয়ের মত স্নেহ করতেন। ১৯৭৫ সালের দিকে স্বামীর আকস্মিক মৃত্যুর পর ছোট দুই মেয়েকে নিয়ে আর্থিক অনিশ্চয়তায় পড়েন নিহার। এসময় অসুস্থ ছিলেন এস এম সুলতান। তখন চিরকুমার অসহায় শিল্পী সুলতানের সেবায় এগিয়ে আসেন নিহার বালা।
এরপর বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানকে দীর্ঘ দুই দশক সেবাযত্ন ও ভালোবাসায় আগলে রেখেছিলেন তার পালিত কন্যা নিহার বালা সাহা। তিনি সুলতানের বাউন্ডুলে জীবনকে নিয়ন্ত্রণ করে ছবি আঁকায় উৎসাহ যুগিয়েছিলেন। পারিবারিক সমস্ত কাজ, শিল্পীর বাড়িতে তৈরি মিনি চিড়িয়াখানায় পশু-পাখিদের সেবাযত্ন, শিল্পীর অসুস্থতা এবং দৈনন্দিন জীবন-যাপনে একমাত্র সেবাময়ী হয়ে নিরলসভাবে কাজ করে গেছেন নিহার বালা।
কিন্তু এস এম সুলতানের মৃত্যুর পর নিহার বালার আর্থিক সংকট শুরু হয়। অশীতিপর নিহার বালা অর্থাভাবে চোখের ছানি অপারেশন করতে না পারায় ৯ বছর দৃষ্টিহীন ছিলেন। নিহার বালার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক এবং সমবেদনা প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করা হয়েছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button