এবারের লড়াইয়ে আমরা থাকব, না হয় স্বাধীনতা বিরোধীরা: পাপন

মানিকগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেছেন, ‘দেশ আজ দু’টি ধারায় বিভক্ত। একটি স্বাধীনতার পক্ষের শক্তি, আরেকটি স্বাধীনতার বিপক্ষের শক্তি। প্রত্যেক রাজনৈতিক দলকে নিশ্চিত করতে হবে তারা কোন দিকে। এবারের লড়াই হবে আমাদের শেষ লড়াই। হয় আমরা থাকব, না হয় স্বাধীনতা বিরোধীরা থাকবে। দুই জন মিলে আর এ দেশে অবস্থান হবে না।’
মানিকগঞ্জের শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘মানিকগঞ্জে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি এখন সময়ের ব্যাপার মাত্র।’
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য মো. মূসা মিয়া, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, আ ফ ম সুলতানুল আজম খান আপেল প্রমুখ।




