এই লিগে কী হবে কেউ জানে না: জিদান

লা লিগার শিরোপার দৌড়ে বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। বলতে গেলে লিগের নাটাই এখন জিনেদিন জিদানের দলের হাতে। বাকি থাকা নিজেদের ছয় ম্যাচের সব কটিতে বা ৫ জয়ের সঙ্গে একটি ড্র করলে কোনো হিসেব ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে রিয়াল। তবে এখনই নিজেদের এগিয়ে রাখতে চান না জিদান।
ফরাসি কিংবদন্তির বলছেন, ‘লিগ শিরোপা যে আমরাই জিততে যাচ্ছি, এমনটা ভাবছি না আমি। মৌসুমের শেষ দিনে শিরোপা নিষ্পত্তি হবে। পয়েন্ট তালিকার তলানির দলের বিপক্ষে লড়াই কতটা কঠিন হলো। এই লিগে কী হবে কেউ জানে না।’
রবিবার এস্পানিওলকে ১-০ গোলে হারায় রিয়াল। তবে টেবিলের তলানির দিকে থাকা দলের বিপক্ষে জিততে বেশ বেগ পেতে হয়েছে জিদানের দলকে। তাই সেই দিকেই ইঙ্গিত করলেন জিদান।
তবে খেলোয়াড়দের সার্বিক পারফরম্যান্সে খুশি জিদান। করোনা বিরতি কাটিয়ে লা লিগা মাঠে ফেরার পর টানা ৫ ম্যাচে জয় তুলে নিয়েছে রিয়াল। জিদান বলছেন, ‘আমার খেলোয়াড়দের নিয়ে আমি খুশি। ম্যাচের পর ম্যাচ জেতা সহজ নয়। আমাকে আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাতেই হবে।’
৩২ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে জিদানের দল। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।



