ঈদের আনন্দ নেই রাঙ্গামাটিতে

সংবাদদাতা, রাঙ্গামাটি : ১৩ জুনের ভয়াবহ পাহাড়ধসে বিপর্যস্ত রাঙ্গামাটি। ঘরবাড়ি আর স্বজন হারিয়ে নিঃস্ব হয়ে গেছে প্রায় দুই হাজার পরিবার। বিধ্বস্ত ঘরবাড়িতে আর ফেরার উপায় নেই। রাতে আশ্রয় কেন্দ্র আর দিনে বিধ্বস্থ ঘর বাড়ি দেখে ঘুরে ফিরছে সবাই। এরপর কোথায় যাবে, কি খাবে জানা নেই কারো।
বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা এখনো তাড়া করছে সবাইকে। কেড়ে নিয়েছে চোখের ঘুম। আতঙ্কিত মানুষের কাছে ঈদ এখন কেবলই বিবর্ণ বেদনার। রাঙ্গামাটিতে নেই ঈদের আনন্দ।
পাহাড়ধসে প্রাণ গেছে ১২০ জনের। ঘরবাড়ি ধংস করে জীবন ওলট পালট করে দিয়েছে। এরই মধ্যে এসেছে ঈদ। কিন্তু মানুষের মনে নেই কোনো আনন্দ। নেই কোনো আয়োজন।
পাহাড়ধসে মাটি চাপায় স্বজন আর ঘরবাড়ি হাড়িয়ে সব শেষ হওয়ার পর মানুষের আহাজারি এখনো থামছে না।
আতঙ্ক, অভাব ও চরম হতাশায় নির্ঘুম সময় কাটে ভেদভেদী মুসলিমপাড়া, নতুনপাড়া, রূপনগর, শিমুলতলীর মানুষদের।
আহত অনেকেই হাসপাতালে ছেড়ে গেলেও এখনো শরীরের যন্ত্রনায় দিন কাটাছে কেউ কেউ।
আহতরা জানান, প্রাণে বেঁচে যাওয়ার আনন্দ ঈদের আনন্দের চেয়ে বেশি।
আশ্রয়কেন্দ্রের মানুষ যাতে ঈদ করতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
পাহাড়ে পাহাড়ধসের ঝুকি থাকবেই। সমতলে জায়গাও কম। তারপরেও জীবনের প্রয়োজনে রাঙ্গামাটি ঘরবাড়িহীন মানুষগুলো চায় সরকার তাদের নতুন করে বসবাসের ব্যবস্থা করুক।




