ইরানের বিশ্বকাপ দলে বড় ধরনের চমক

গত বছর ইসরায়েলের একটি দলের বিপক্ষে খেলার অপরাধে নিষিদ্ধ হওয়া দুই তারকা মিডফিল্ডারকে অন্তর্ভুক্ত করে ২০১৮ ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইরান।
ইরান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটের মাধ্যমে ঘোষিত ৩৫ সদস্যের দলে আছেন মাসউদ সোজায়েই এবং এহসান হাজি সফি।
মাসউদ সোজায়েই (৩৩) এবং এহসান হাজি সফি (২৮) উভয়েই গ্রীক লীগে খেলে থাকেন।
গ্রীক ক্লাব পানিওনিয়সের হয়ে ইসরায়েলের একটি দলের বিপক্ষে খেলার কারণে এ দু’জনকেই আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে বলে গত আগস্টে জানিয়েছিলেন দেশটির ক্রীড়া কর্মকর্তারা।
ইহুদি রাষ্ট্রটিকে ইরান স্বীকৃতি দেয় না এবং ইসরায়েলের বিপক্ষে কোন প্রকার খেলাধুলায় এ্যাথলেটদের অংশগ্রহণ নিষিদ্ধ।
তবে সমর্থকদের দাবি এবং এ ইস্যুতে পদত্যাগ জটিলতায় গত মাচে জাতীয় দলে ফেরেন সোজায়েই এবং হাজি শফিকে প্রকৃতপক্ষে নিষিদ্ধ করা হয়নি।
আন্তর্জাতিক নিয়ম-কানুনের কারণে ইসরায়েলের বিপক্ষে নিষেধাজ্ঞার বিষয়ে খোলামেলা আলোচনাও করতে পারছে না ইরান।
এ ছাড়া দলে আর কোনো বিস্ময় নেই। তবে ইরানীদের আশার প্রতীক হয়ে থাকবেন হল্যান্ড লীগে এজেড আলকামার-এর হয়ে খেলা উইঙ্গার ও মিডফিল্ডার ২৪ বছর বয়সী আলিরেজা জাহানবক্সের ওপর।
ইউরোপের বড় কোন লীগে এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে এ বছর সর্বোচ্চ গোলের মালিক হন জাহানবক্স। লীগে তার মোট গোল ছিল ২১টি।
গত সাত বছর যাবত ইরান জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন পর্তুগালের কার্লোস ক্ইুরোজ। যিনি এক বছর রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে এ্যালেক্স ফার্গুসনের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন।
গ্রুপ পর্বে স্পেন, পর্তুগাল ও মরক্কোর মত কঠিন দলের মোকাবেলা করতে হবে ইরানকে।
এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরান।
দলটির হয়ে তৃতীয়বার বিশ্বকাপে অংশগ্রহণ করে রেকর্ড গড়বেন সোজায়েই।
দল :
গোলরক্ষক : আলিরেজা বেইরানভ্যান্ড, সৈয়দ হোসেন হোসেইনি, রশিদ মাজাহেরি, আমির আবেদজাদেহ।
রক্ষণভাগ : রামিন রেজাইয়েন, ভোরিয়া গাফৌরি, স্টেভেন বেইটাসুর, সৈয়দ জালাল হোসাইনি, মোহাম্মদ রেজা খানজাদেহ, মোরতেজা পুরালিগানজি, মোহাম্মদ আনসারি, পেজম্যান মনতাজেরি, সৈয়দ মজিদ হোসাইনি, মিলাদ মোহাম্মদী, ওমিড নুরাফকান, সাইয়েদ আঘায়েই, রুজবেহ চেশমি।
মধ্যমাঠ : সাইয়েদ এফজাতোলাহি, মাসউদ সোজায়েই, আহমদ আবদোলাজাদেহ, আশকান দেজাঘ, ওমিড এবরাহিমি, এহসান হাজসাফি, আলি করিমি, সোরুশ রাফিয়েই, আলি ঘোলিজাদেহ, ভাহিদ আমিরি।
আক্রমণভাগ : আলিরেজা জাহানবক্স, করিম আনসারিফার্ড, মাহদি তারেমি, সরদার আজমুন, রেজা গুচানেজদাহ, কাভেহ রেজায়েই।




