ইতালিতে ২৪ ঘণ্টায় ৩৪৫ জনের মৃত্যু

মহামারি করোনার সর্বগ্রাসী থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালি। সর্গশেষ পাওয়া তথ্য অনুযায়ী দেশটিতে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস জনিত রোগে আক্রান্ত ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫০৩ জন।
মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন অ্যাজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২৬ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬ হাজার ৬২। এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে ২ হাজার ৬০ রোগী। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪১ জন।
দেশটিতে নারীদের তুলনায় পুরুষ বেশি মারা যাচ্ছে। এ পর্যন্ত মৃত্যুর হার নারী ৩৮ ভাগ, পুরুষ ৬২ ভাগ। করোনার প্রভাবে ভেঙে পড়েছে দেশটির জীবনযাত্রা ও অর্থনৈতিক ব্যবস্থা।
বিশ্বের অন্তত ১৬৫টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯০ হাজার ৯২৮ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৩১ জনের। এছাড়া, প্রায় ৮০ হাজার ৮৮৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।


