
বৃহস্পতিবার রাত পোহাতেই আমেরিকার পাঁচ শহরের বাসিন্দাদের চক্ষু চড়কগাছ। শহরের মাঝখানে শোভা পাচ্ছে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাদুস নুদুস নগ্ন একখান মূর্তি!
কে ঘটাল এ কাণ্ড? কাণ্ডটি ঘটিয়েছে একটি অরাজনীতিক সংগঠন। নির্বাচনী প্রচারে ট্রাম্পের মন্তব্যে তিক্ত-বিরক্ত হয়ে প্রতিশোধ নিতে নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, সিয়াটল ও ক্লিভল্যান্ড— আমেরিকার পাঁচটি শহরকে বেছে নেয় তারা।
ট্রাম্পের থলথলে বেঢপ শরীরকে তুলে ধরতে মূর্তিটিকে কমলা রঙে রাঙানো হয়। স্থূল পেটের সঙ্গে মানানসই খর্বাকৃতির আঙুল ধরিয়েছেন শিল্পী। তবে গোল বেঁধেছে অন্য জায়গায়। মূর্তিটিতে পুরুষাঙ্গই গায়েব করে দিয়েছেন শিল্পী। ইচ্ছে করেই এ কাজ করেছেন তিনি। কারণ মূর্তিটির নামই রেখেছেন ‘সম্রাটের ওটি নেই’।

খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। সঙ্গে সঙ্গে ‘হবু’ প্রেসিডেন্ট–এর সঙ্গে সেলফি তোলার হিড়িকও পড়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও সেই ছবি অন্যদের সঙ্গে ভাগ করে নেন।
মূর্তিটি নিয়ে ট্রাম্প বা তার মুখপাত্র অবশ্য কোনও মন্তব্য করেননি। তবে পাছে বিতর্ক হয়, তাই বেলা গড়াতেই মূর্তিগুলি ঝটপট সরিয়ে নেওয়া হয়।




