‘আমরা সাদিক ভাইরে চিনি, সেও আমাদের চেনে’

সংবাদদাতা (বরিশাল) : হারিয়ে যাওয়া দুই ভাই-বোন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পরিচয় দিয়ে খুঁজে পেয়েছে তাদের বাবা-মাকে। হারিয়ে যাওয়া শিশু দুইজন হলো বরিশাল নগরের নথুল্লাবাদ লোহার পুল এলাকার বাসিন্দা হাবীব মিয়া ও পারভীন বেগমের শিশু সন্তান জান্নাত ও হাসান।
জানা গেছে, বরিশাল থেকে লঞ্চযোগে ২ দিন আগে ঢাকায় যায় জান্নাত ও হাসান। সেখান থেকে কুমিল্লার একটি ট্রেনে উঠে পরে দুই ভাইবোন। কিন্তু সে সময় তাদের সাথে থাকা মা পারভীন বেগম আর ট্রেনে উঠতে পারেনি। ট্রেনটি কুমিল্লায় পৌঁছানোর পর শিশুদ্বয় কাঁদতে শুরু করে। যা দেখে নাঙ্গলকোট থানার এসআই বিবাকার তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে জান্নাত ও হাসান কেউই বরিশালের সঠিক ঠিকানা বলতে না পারলেও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে চিনেন বলে জানায়।
এসময় হারিয়ে যাওয়া দুই শিশুই পুলিশকে জানায়, ‘আমরা সাদিক ভাইরে চিনি, সেও আমাদের চেনে। আমরা তার বাসায় অনেকদিন ভাতও খাইছি।’ তাদের দেয়া এ তথ্যের সূত্র ধরেই কুমিল্লা জেলা পুলিশ মেয়র সাদিক আবদুল্লাহর সাথে যোগাযোগ করেন। এরপর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শিশু দুটির ঠিকানা খুঁজে বের করেন।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, মেয়রের নিজ উদ্যোগে আজ শিশু দুজনকে কুমিল্লা পুলিশের কাছ থেকে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়া হবে।




