sliderস্থানিয়

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে মাদকসহ গ্রেফতার- ১

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোনসহ এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমরা রাবার বাগান এলাকা, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা শালবাগান কোচপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকায় তল্লাশি চালানো হয়।

এ সময় মো.লাল চাঁন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. শামসুল হক।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোন। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ ও ওষুধ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান জোরদার করলে চালানসহ এক মাদককারবারিকে আটক করা সম্ভব হয়।

এ ঘটনায় আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার থাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button