আমতলী উপজেলা পুনঃনির্বাচনে জয়লাভ করেছেন এম এ কাদের

মাহতাবুর রহমান,আমতলী প্রতিনিধি : বরগুনা জেলার আমতলী উপজেলা পরিষদ পুনঃনির্বাচন আজ ১৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া নৌকা প্রতীকে, মুফতি মোঃ ওমর ফারুক হাতপাখা ও আনারস প্রতিকে মো. জিল্লুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া নৌকা প্রতিক নিয়ে ২৮ হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মোঃ ওমর ফারুক হাত পাখা প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ৬৫৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান ৬৮৫ ভোট পেয়েছেন। মোট ভোটারের ২৬.৫৫ শতাংশ ভোটার ভোট প্রদান করেছে।
উপজেলায় ৬১টি কেন্দ্রের ৫৪৯টি বুথে মোট ভোটার ছিলেন এক লাখ ৭১ হাজার ৮৬ জন। ভোট গ্রহণের জন্য ৬১ জন প্রিজাইর্ডিং, ৫৪৯ জন সহকারী প্রিজাইডিং ও এক হাজার ৯৮ জন পুলিং অফিসার নিযুক্ত ছিলেন।
নির্বাচনে এগারোজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার, গ্রাম পুলিশ দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, নির্বাচনে তিন জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়েছেন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে যা আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং সকলের সহযোগিতায় নির্বাচন সুস্থ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
২০১৯ সালের ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ঋণ খেলাপির অভিযোগে উচ্চ আদালত ফোরকান মিয়াকে বরখাস্ত করে এ পদ শূন্য ঘোষণা করে। পুনরায় ২৪ জানুয়ারি ২০২৩ তারিখে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচনের ঘোষণা আসে যার প্রেক্ষিতে আজ অনুষ্ঠিত হলো আমতলী উপজেলা পরিষদ পুনঃনির্বাচন।




