আবাহনীকে রুখে দিল ব্রাদার্স

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে শক্তিধর ঢাকা আবহনীকে রুখে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
তবে পুরো ম্যাচে দুর্ভাগ্য সঙ্গী ছিল আবাহনীর। তাদের তিনটি শট গোলবারে লেগে ফিরে আসে। এ ড্রয়ে ৫ খেলায় আবাহনীর সংগ্রহ দাঁড়ালো ৯ পয়েন্ট। ৫ ম্যাচে ব্রাদার্সের সংগ্রহ ৪ পয়েন্ট। এ ম্যাচ দিয়ে শেষ হলো প্রিমিয়ার লিগের ময়মনসিংহ পর্ব। এরপর ঢাকায় ফিরবে লিগ।
খেলার ৫৪ থেকে ৬১ মিনিট ছিল নাটকীয়। এ সাত মিনিটেই হয় দুটি গোল। ব্রাদার্স পরিণত হয় দশ জনের দলে। ৫৪ মিনিটে ম্যাচে এগিয়ে যায় ব্রাদার্স। ব্রাদার্সের আউডু ইব্রাহীমকে বক্সের মধ্যে ফাউল করেন আবহনীর সামাদ। পরিণতিতে পেনাল্টি পায় ব্রাদার্স। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে।
চার মিনিট পর ব্রাদার্স দশ জনের দলে পরিণত হয়।মাঝমাঠে বল হাত দিয়ে রিসিভ করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মান্নাফ রাব্বি। ৬১ মিনিটে সমতা আনে আবাহনী। বক্সের সামান্য বাইরে থেকে রেইনবো ফ্রি-কিকে ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়ুয়াকে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড লি টাক।
আবাহনী শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায়। তবে ব্রাদার্সের গোলপোস্ট হয়ে বাধা হয়ে দাঁড়ায়। ৯০ মিনিটে লি টাকের ক্রসে প্লেস করেছিলেন জুয়েল রানা। বল ক্রসপিসের নিচে লেগে খেলায় ফিরে আসে। এর পরের মিনিটে নাবিব নেওয়াজ জীবন লি টাকের করা একটি ক্রসে প্লেস করেছিলেন। এবার বল আঘাত হানে সাইড পোস্টে।



