সাপ-কুমিরে ভর্তি ব্রাজিলিয়ান গলফ কোর্স!

অলিম্পিকে গলফের মূল ইভেন্ট এখনও শুরু হয়নি। কিন্তু এরই মধ্যে চিন্তায় পড়ে গেছেন বহু গলফ প্রতিযোগী।
রিও অলিম্পিকের আসরে বিতর্ক যেন পিছু ছাড়তে চাইছে না। সাংবাদিকদের বাস লক্ষ্য করে হামলা, টেনিস তারকা লিয়েন্ডারের ঘর না পাওয়া, সহ একাধিক সমস্যা এখনও পর্যন্ত সামনে এসেছে।
এবার বিতর্ক শুরু হয়েছে গলফ কোর্সকে ঘিরে।
অলিম্পিক গলফের মিডিয়া ডিরেক্টর বব কনড্রন ব্রাজিলিয়ান গলফ কোর্সেকে চিড়িয়াখানার সাথে তুলনা করে বসেন। কিন্তু কেন তিনি এ ধরনের উক্তি করলেন?
মজার ছলে কনড্রন বলেন, এটা শুধুমাত্র গলফ কোর্স না, এটা চিড়িয়াখানাও বটে। যা দেখতেও অতি মনোরম লাগে।
এই ধরনের মন্তব্যের একমাত্র কারণ হল এই ব্রাজিলিয়ান গলফ কোর্সে সাপ ও কুমির সহ একাধিক জীবজন্তুর অবাধ আনাগোনা রয়েছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ান গলফ টিমের অধিনায়ক ইয়ান বেকারকে দেখা যায় গলফ কোর্সে এইসব জীবজন্তুর ছবি তুলতে। তিনি যখন ছবি তুলছিলেন একটি বিশাল আকৃতির রোডেন্ট (ইঁদুর প্রজাতির প্রাণী) দেখতে পান। যার অনুমানিক ওজন ৫০ কেজিরও বেশি।
এই ব্রাজিলিয়ান গলফ কোর্সের এমন চরিত্র দেখে ঠিক কি করবেন বুঝে উঠতে পারছেন না অনেক প্রতিযোগী। একদিকে অনুশীলনের সময়ে মনের মধ্যে ভয় যেমন কাজ করছে তেমনি অনেকে আবার এই আকস্মিক ওয়াইল্ড লাইফ অভিজ্ঞতায় বেশ খুশি।




