আবারো জুটিবদ্ধ হলেন অপূর্ব মিথিলা

মিথিলার ভাষ্য মতে, এবারের ঈদে অপূর্বর সাথে জুটিবদ্ধ হয়ে যে নাটকটিতে অভিনয় করেছেন সেটিই এবারের ঈদে তার অভিনীত সেরা কাজ। নাটকটির নাম ফ্লিপার। এটি রচনা করেছেন মীর শরীফুল করিম শ্রাবণ এবং নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। আসছে ঈদে আরটিভিতে প্রচারের লক্ষ্যে আলফা আই মিডিয়া লিমিটেড নাটকটি প্রযোজনা করেছে। এরই মধ্যে গত শনিবার রাজধানীর উত্তরায় রিচির শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ফ্লিপার নাটকের গল্পটিই নতুন। সাধারণত দর্শক আমাকে যে ধরনের চরিত্রে দেখে অভ্যস্ত তার থেকে ব্যতিক্রম একটি চরিত্র। ঠিক মিথিলারটিও তাই। এ কারণেই আমরা দু’জন কাজটি করে তৃপ্ত। বলা যায় অনেক দিন পর একটি মনের মতো ভালো লাগার গল্পের নাটকে অভিনয় করেছি। আমাদের দু’জনকেই অনেক কষ্ট করতে হয়েছে। মিথিলা বলেন, এ নাটকে আমার চরিত্র ফুটিয়ে তোলার জন্য প্রথম দিন শুটিংয়ে বলা যায় আমি সারা দিন কেঁদেছি। গল্পে আমার গর্ভে সন্তান থাকে। সেই সন্তানকে রাখব নাকি নষ্ট করে ফেলব- এমন কিছু বিষয় থাকে। যেহেতু আমার ও অপূর্বর দু’জনেরই সন্তান আছে। তাই অভিনয় করতে গিয়ে আমরা দু’জনই আবেগপ্রবণ হয়ে উঠি। তবে আমি বলব এবারের ঈদে এটি আমার অভিনীত সেরা কাজ। আমি খুবই আশাবাদী কাজটি নিয়ে। আশা করি, দর্শকের ভালো লাগবে। এ দিকে অপূর্ব ও মিথিলাকে আসছে ঈদে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত কথোপকথন ও শিহাব শাহীন পরিচালিত এক্সফ্যাক্টর টেলিফিল্মে অভিনয় করতে দেখা যাবে। গত ২৭ জুন ছিল অপূূর্ব ও তার একমাত্র সন্তান আয়াশের জন্মদিন। আয়াশ তৃতীয়বর্ষে পা রাখল। অপূর্ব বলেন, ‘আয়াশ আর আমার জন্মদিন গত বছর বেশ আয়োজন করেই করেছিলাম। সে বছর আয়াশের প্রথম জন্মদিন ছিল। আমার খুব প্রিয় একজন মানুষ সেদিন এসেছিলেন, তিনি হচ্ছেন দিতি মা। প্রতি মুহূর্তেই তার কথা ভীষণ মনে পড়ে। আমার জন্মদিনের কথা আসতেই তার স্মৃতি চোখে ভাসছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।’ এবারের ঈদে মিথিলাকে দেখা যাবে শিহাব শাহীনের নাটক প্রেম একটি রাসায়নিক বিক্রিয়া, টেলিফিল্ম এক্সফ্যাক্টর, মিজানুর রহমান আরিয়ানের টেলিফিল্ম কথোপকথন, মাবরুর রশীদ বান্নাহর ছয় পর্বের ধারাবাহিক জার্নি টু চিটাগাং ও বান্নাহর নাটক আফটার ম্যারেজ-এ।
সুত্র: নয়াদিগন্ত



