আইয়ুব বাচ্চুর মৃত্যুতে ওপার বাংলায় শোকের ছায়া

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী, গিটারবাদক আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের আপামর শ্রোতা দর্শকের মনে। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের শিল্পীরাও স্তম্ভিত আইয়ুব বাচ্চুর আকস্মিক এই মৃত্যুর খবরে।
তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গের শিল্পীরা স্মরণ করেছেন কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। জানাচ্ছেন শোক আর শ্রদ্ধা।
সঙ্গীতশিল্পী রূপম ইসলাম লিখেছেন, ‘কী হচ্ছে গতকাল থেকে? গতকাল পৌলমী, (কবি পৌলমী সেনগুপ্ত) আজ বাচ্চু (আইয়ুব বাচ্চু) ভাই… আর কী কী দুঃসংবাদ শুনতে হবে?’
আইয়ুব বাচ্চু কেন অসময়ে চলে গেলেন এমন অনুযোগ জানিয়ে বাচ্চুর গান থেকেই রুপম লেখেন, ‘সেই তুমি কেন এত অচেনা হলে!’
রূপম আরো লেখেন, ‘স্মরণ করছি। ফিরে দেখছি আমাদের শেষ সাক্ষাৎকার। আমার বাড়িতে। অনেক পরিকল্পনা হয়েছিল এরপর। কিছুরই বাস্তবায়ন হলো না। শ্রদ্ধা।’
ভারতের আরেক জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায় লিখেছেন, ‘বাচ্চু ভাইয়ের (আইয়ুব বাচ্চু) এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।’
এরপর পোস্টে হ্যাশ ট্যাগ দিয়ে অনুপম ‘আইয়ুব বাচ্চু’ ও তাঁর বিখ্যাত গান ‘সেই তুমি’র কথা স্মরণ করেন।
জনপ্রিয় উপস্থাপক ‘মীরাক্কেল’খ্যাত মীর আফসার আলী ফেসবুকে লেখেন, ‘নবমীতে বিসর্জন… বাচ্চু (আইয়ুব বাচ্চু) ভাই চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
২০১৬ সালের নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত এক কনসার্টের কথা স্মরণ করে মীর আরো লেখেন, ‘আবার দেখা হওয়ার আগ পর্যন্ত সে স্মৃতি আমাদের মাঝে অমলিন থেকে যাবে বাচ্চু ভাই।’




