বিনোদন

আইটেম গার্ল থেকে বিজেপি নেত্রী

বলিউডের পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মরাঠি ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু ‘খাল্লাস’ শিরোনামের আইটেম গানের জন্যই তার যত পরিচিতি। সেই নায়িকা ইশা কোপিকর এখন বিজেপি নেত্রী।
মেঙ্গালুরুর একটি পরিবারের জন্ম ইশার। পরিবারের প্রায় সবাই শিক্ষা পেশার সঙ্গে যুক্ত। ইশা নিজেও ছিলেন মেধাবী ছাত্রী। স্নাতক স্তরে পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে। পড়াশোনার মাঝে ১৯৯৫ সালে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় নাম লেখান, জেতেন ‘মিস ট্যালেন্ট’ খেতাব।
শুরুতে একের পর এক ব্র্যান্ডের মডেল হন ইশা। লরিয়েল, পন্ডস, কোক-সহ একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
বলিউডে হৃতিক রোশনের সঙ্গে ছোট একটি চরিত্রে প্রথম ছবিতে অভিনয় করেন ইশা। ছবির নাম ‘ফিজা’। উচ্চতা ও পর্দায় উপস্থিতির কারণে সহজেই দর্শকদের মন কাড়েন। এর পর প্রকাশ ঝাঁ’র ছবিতে আইটেম ডান্সেও চমক লাগিয়ে দেন তিনি।
তবে নায়িকা হিসেবে বলিউড ডেবিউ করেন সুনীল শেঠির বিপরীতে ‘পেয়ার ইশক আউর মহব্বতে’ ছবিতে। গোবিন্দের সঙ্গে ‘আমদানি আটানি খরচা রুপাইয়া’র পর সবাই ভেবেছিলেন এই মেয়ে বলিউডে পাকাপাকি জায়গা করে নিতে এসেছে।
রামগোপাল ভার্মার ছবি ‘কোম্পানি’তে অভিনয় করেন অজয় দেবগণের সঙ্গে। এই সিনেমার একটি বিশেষ গানের জন্য ‘খাল্লাস গার্ল’ বলে পরিচিত হন ইশা। ‘মোস্ট এক্সাইটিং নিউ ফেস’ পুরস্কারও মেলে।
এমন ভালো সুযোগের মাঝে ইশা আবার বেশ কিছু বি গ্রেড ফিল্মেও অভিনয় করেন। তার মধ্যে ‘হাসিনা…’ ছবিটি বেশ সফল হয়। তবে বিতর্কের সূত্রপাত করণ রাজদা পরিচালিত ‘গার্লফ্রেন্ড’ ছবিটিকে কেন্দ্র করে। এই ছবিতে সমকামী নারীর চরিত্রে অভিনয় করেন। বেশ কিছু সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য ইশাকে নিয়ে বিতর্ক তৈরি হয়।
‘দিল কা রিশতা’, ‘ডরনা মানা হ্যায়’, ‘পিঞ্জর’-এর মতো সিনেমায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। ‘পিঞ্জর’ ছবিটি জাতীয় পুরস্কারও পায়। জেপি দত্তর ‘এলওসি কারগিল’-এও একটি ছোট চরিত্রে দেখা যায় ইশাকে।
মনোজ বাজপেয়ীর সঙ্গে ‘ইন্তেকাম’, সাইফ আলী খান, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘হাম তুম’-এ দেখা গেছে তাকে। ‘কেয়া কুল হ্যায় হাম’, ‘৩৬ চায়না টাউন’, ‘ডি-আন্ডারওয়ার্ল্ড বাদশা’ একের পর এক ছবিতে কাজ করেন ইশা।
তার জীবনে অন্যতম ব্রেক ছিল শাহরুখ খানের বিপরীতে অভিনয়। ডনের প্রেমিকা অনিতার চরিত্রে অভিনয় করেন তিনি। পরবর্তীতে ‘হ্যালো’ ছবিতেও কাজ করেন। লেখক চেতন ভগতের ‘ওয়ান নাইট অ্যাট কল সেন্টার’ অবলম্বনে তৈরি হয় এই ছবি।
তবে শাহরুখের সঙ্গে অভিনয় করেও বলিউডে সেই মান ধরে রাখতে পারেননি ইশা। ব্যক্তিগত জীবনেও টালমাটাল চলছিল।
ইশার প্রথম প্রেম ছিলেন বলিউড অভিনেতা ইন্দ্র কুমার। তবে তাদের বিয়ে হয়নি। মাত্র ৪৩ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ইন্দ্র কুমার। তার মৃত্যুর পর স্ত্রী সোনাল জানিয়েছিলেন, ‘‘ইন্দ্র কখনোই ইশাকে মন থেকে ভুলতে পারেনি। আমি বিয়ের সময়েও জানতাম।”
পরবর্তীতে ইশার সঙ্গে পরিচয় হয় হোটেল ব্যবসায়ী টিমি নারাংয়ের। তাদের আলাপ করিয়ে দেন প্রীতি জিনতা। এর পর ২০০৯ সালে তারা বিয়ে করেন। তাদের একমাত্র মেয়ে রিয়ানা।
মাত্র ১৫ বছর বয়সে কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছিলেন ইশা। নেপথ্যে নাকি এক নামী বলিউড অভিনেতা। তবে তার নাম কখনো প্রকাশ্যে আনেননি নায়িকা।
চলতি বছরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন অভিনেত্রী ইশা কোপিকর। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরীর উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। দলের পরিবহন শাখার নারী বিভাগের সভাপতি নিয়োগ করা হয়েছে তাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button