জাতীয়শিরোনাম

অস্তিত্বে আঘাত করেছেন সিইসি : মাহবুব তালুকদার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার বিরুদ্ধে ‘একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত’ করার অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
গত সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, ‘আমি মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।’
পরদিন মঙ্গলবার মাহবুব তালুকদারের এ বক্তব্যের বিরোধীতা করে সিইসি কে এম নুরুল হুদা বলেন, ‘মাহবুব তালুকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে।’
আজ মাহবুব তালুকদার তার বিবৃতিতে বলেন, ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ, এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন।’
মাহবুব তালুকদার বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে যে সিইসিসহ সব নির্বাচন কমিশনার সমান।’
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘ইতিপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনো তাঁর কথার প্রতিবাদ করিনি। কিন্তু “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই” বলে আমি মিথ্যা বলেছি, এ কথার প্রতিবাদ না করে পারলাম না।’
মাহবুব তালুকদার বলেন, ‘সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই, তা সাংবাদিকেরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন।’
কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘এখনো সংশ্লিষ্ট সবাইকে বলছি, আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই?’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button