
অযথা রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় রাস্তায় বের হওয়ায় ২১ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান ও র্যাব-২।
এ ব্যাপারে আনিসুর রহমান জানান, করোনাভাইরাসের কারণে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। সারা দেশের মানুষকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হলেও, একশ্রেণির মানুষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছে। এ জন্য আজ বিকেলে আমরা র্যাব-২ এর সহায়তায় মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করি। এ সময় বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় ১১টি মামলায় ২১ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের সতর্ক করে দেয়া হয়।
আর র্যাব-২ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন (পরাগ) বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা প্রতিদিন মানুষকে বিভিন্নভাবে সচেতন করে যাচ্ছি। আমরা সবাইকে বলছি বাসায় থাকুন, বিনা কারণে বাসা থেকে বের হওয়া যাবে না। কিন্তু অনেকেই নানা অজুহাতে বের হয়। এজন্য আজ বিকেলে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বের হওয়ার যৌক্তিক কারণ বলতে না পারা এবং মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার না করায় ২১ জনকে জরিমানা করা হয়।’
পূর্বপশ্চিম




