বিনোদন

অভিষেক হচ্ছে হৃতিকের বোন পশমিনার

বলিউড তারকাদের পরিবারের সদস্যদের বি-টাউনে আসার গল্প নতুন নয়। তারকাদের একাধিক সন্তানসহ স্বজনদেরও রুপালি পর্দার জগতে আসার উদাহরণও রয়েছে। এবার সে তালিকায় যোগ দিলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশনের বোন পশমিনা।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে জানা যায়, শিগগিরই নায়িকা হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে পশমিনার। আগামী বছরেই নাকি মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত প্রথম ছবি। যদিও ছবির নাম বা অন্য কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। পশমিনা হৃতিকের চাচা সংগীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে।
জানা যায়, পারিবারিকভাবেই পশমিনাকে গণমাধ্যমের সামনে হাজির করা হবে। রুপালি পর্দায় বোনের আগমন নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন হৃতিক। তিনি বলেন, ‘আমি দারুণ খুশি। প্রায়ই ওকে নানা ধরনের পরামর্শ দিচ্ছি।’
প্রতিবেদনে আরো বলা হয়, কয়েক বছর ধরে থিয়েটারে অভিনয় করছেন পশমিনা। সেখানে তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। এরই মধ্যে তিনি জেফ গোল্ডবার্গের সঙ্গে ‘দ্য ইম্পর্টেন্স অব বিইং আর্নেস্ট’ নাটকে কাজ করেছেন। ভারতের মুম্বাইয়ে বেরি জনস পরিচালিত অভিনয় স্কুলে ছয় মাসের প্রশিক্ষণ নিয়েছেন পশমিনা।
সম্প্রতি মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ছবি ‘ওয়ার’। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যায় হৃতিক রোশনকে। হৃতিকের পাশাপাশি এই সিনেমায় দেখা যায় টাইগার শ্রফকেও। ছবির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন পল জেনিংস, ফ্রাঁৎস স্পিলহস, সি ইয়ুং ওহ ও পারভেজ শেখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button