
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: প্রতিবছরের মতো এবারও শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর গঙ্গাশ্রম ঘাটে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এখানে হিন্দু ধর্মালম্বীরা পাপমোচন ও পূর্ণ লাভের আশায় মাকরী সপ্তমী তিথিতে গঙ্গাস্নানে আসেন। রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান উৎসব শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী অঞ্চলের নাটোর, নওগাঁ এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুরুষ-নারীরা বাস, মিনিবাস, মাইক্রো, সিএনজি, রিক্সাসহ বিভিন্ন প্রকার যানবাহন যোগে দূরদূরান্ত থেকে গঙ্গা স্নান অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য পূর্বদিন থেকেই পৌরণিক জাহ্নমুনির আশ্রমে আসতে শুরু করে।
বেশির ভাগ নারীই গঙ্গাস্নান উৎসব থেকে বাড়ি ফেরার সময় নানা ধরনের মাটির পাত্রে গঙ্গার পবিত্র জল নিয়ে যায়। হিন্দু ধর্মালম্বীরা জানান, এ স্নান করলে মানব জীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয়। এ বছর গঙ্গা স্নান অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। এদিকে উৎসবকে ঘিরে দিনব্যাপী মেলায় প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, বাঁশ-বেত সামগ্রী ও লোহার দোকানসহ পূজা এবং পালাক্রমে কীর্ত্তনের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে আগত হিন্দু নারীরা বিভিন্ন ধরনের জিনিষপত্র ক্রয় করে থাকেন।
এদিকে গঙ্গাস্নান উৎসব উপলক্ষ আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান আলি মিঞা দুপুরে তত্তীপুর গঙ্গা স্নান ঘাটে উপস্থিত হয়ে পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।




