ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ভূল্লী এলাকায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকায় তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো—জগদল গ্রামের আবুল কালামের ছেলে কাউসার আলী (৫) এবং একই গ্রামের জাহিদ হাসানের ছেলে রেহেশান (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে শিশু দুটি নদীর পাড়ে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদী থেকে তাদের উদ্ধার করলে মৃত অবস্থায় পাওয়া যায়।
অন্যদিকে, একই দিন ভূল্লী উপজেলার ৫ নম্বর শুখানপুখুরি ইউনিয়নের বাংরোড মন্ডলপাড়া এলাকায় পানিতে ডুবে হোসাইন (৫) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হোসাইন ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
এভাবে একই দিনে ঠাকুরগাঁওয়ের দুটি এলাকায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।