মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: ‘দক্ষ যুবশক্তি উন্নয়নের ভিত্তি’- সারা দেশের মতো মানিকগঞ্জেও উদযাপিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় যুব দিবস ২০২৬।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১ নভেম্বরকে সামনে রেখে আজ সোমবার (৫ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুন্নাহার-এর সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই দিবসটির সকল কর্মসূচি সফল ও সার্থক করতে উদ্যমী তরুণদের কাছ থেকে সৃজনশীল প্রস্তাব আহ্বান করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক তৌহিবুর রহমান, এনপিআই-এর পরিচালক ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, গ্রীণ মাইন্ড ইয়ুথ ফোরামের সভাপতি আঁখি আক্তার এবং নারী উদ্যোক্তা রওনক জাহান।
উপস্থিত বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিদের উন্মুক্ত আলোচনার ভিত্তিতে দিবসটি ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:
জাঁকজমকপূর্ণ র্যালি: টি-শার্ট পরিহিত প্রায় ৫০০ উদ্যমী তরুণের অংশগ্রহণে একটি বিশালাকার বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী আফরোজা খান রিতা। এ ছাড়া জেলা প্রশাসক (ডিসির) সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ র্যালিতে অংশ নেবেন।
পুরস্কার বিতরণ: জেলায় অবদানের স্বীকৃতিস্বরূপ সফল উদ্যোক্তা ও সফল যুব সংগঠকদের মাঝে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হবে।
প্রদর্শনী ও স্টল: পরিবেশবান্ধব চুলা, বায়োগ্যাস প্রযুক্তি এবং তরুণ উদ্যোক্তাদের উৎপাদিত নানা সৃজনশীল উপকরণ নিয়ে বিশেষ প্রদর্শনী স্টলের ব্যবস্থা থাকবে।
সভা শেষে উপস্থিত তরুণ ও যুব সংগঠকেরা জাতীয় যুব দিবসকে উৎসবমুখর পরিবেশে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।