sliderস্থানিয়

নিষিদ্ধ বিষ ও পরিবেশ রক্ষায় হরিরামপুরে গ্রিন কোয়ালিশনের সভা, কমিটি গঠন

মো. নজরুল ইসলাম,(মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নিষিদ্ধ ও অতিক্ষতিকর কীটনাশকের ব্যবহার, উৎপাদন ও বিপণন বন্ধের দাবিতে ‘উপজেলা গ্রিন কোয়ালিশন’-এর এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সভার মূল প্রতিপাদ্য ছিল— “নিষিদ্ধ ও অতিক্ষতিকর বিষ ব্যবহার, উৎপাদন ও বিপণন বন্ধ করি” এবং “প্যারাকোয়াটসহ সকল কীটনাশকমুক্ত কৃষিপ্রতিবেশ চর্চাকে সম্মান করি”।

পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ সূত্রধর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক, পরিবেশবাদী, নারী ও যুব প্রতিনিধি, সমাজকর্মী এবং ইউপি সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস, ইউপি সদস্য হারুন খান ও আয়নাল ব্যাপারী, নারী প্রতিনিধি রেখা রানী হালদার, হরিরামপুর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল করিম, সমাজকর্মী সংকর ভৌমিক এবং বারসিক কর্মকর্তা নজরুল ইসলাম ও মুকতার হোসেন।

সভায় বক্তাদের প্রধান আলোচনা ও দাবিসমূহ:

কীটনাশক বন্ধে সরকারি উদ্যোগ: প্যারাকোয়াটসহ অতিক্ষতিকর বিষের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। এসবের উৎপাদন ও অবৈধ বিপণন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

সচেতনতা বৃদ্ধি: রাসায়নিক বিষের বিকল্প হিসেবে কৃষকদের মাঝে পরিবেশবান্ধব ও নিরাপদ কৃষি চর্চার প্রসার ঘটাতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।

প্রাকৃতিক সম্পদ রক্ষা: হরিরামপুর উপজেলার বিল, খাল, নদী ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে পরিবেশ ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় স্থানীয়ভাবে সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট ‘হরিরামপুর উপজেলা গ্রিন কোয়ালিশন’ কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button