মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভাতারমার ইক্ষু খামার এলাকায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল ১১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জেলায় একটি জাতীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে সেই প্রত্যাশা পূরণের পথে আজকের ভিত্তিপ্রস্তর স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, ‘আজকের এই আনন্দময় মুহূর্তে আমি পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। তাঁর অশেষ রহমতে আজ ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের আশা পূরণ হতে যাচ্ছে।’
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ববিদ্যালয়টির অনুমোদন পাওয়া গেছে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গাটি শিল্প মন্ত্রণালয় ও ঠাকুরগাঁও সুগার মিল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া গেছে জানিয়ে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও অবকাঠামোর নকশা তৈরি হবে এবং দ্রুত নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার প্রসার ঘটবে। ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ তৈরি হবে।
তিনি স্থানীয় জনগণের প্রতি বিশ্ববিদ্যালয়টি দেখভাল ও সহযোগিতা করার আহ্বান জানান।
‘সংঘাত ও প্রতিশোধের রাজনীতি চাই না’
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেন, ‘আমি এখন পলিটিক্যাল প্রশ্নের উত্তর দেব না।’
তবে পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমি গতকালই সেই আহ্বান জানিয়েছি—আমরা সংঘাত এবং প্রতিশোধের এই ধরনের রাজনীতি দেখতে চাই না। অনেক হয়েছে। এখন একটা সমঝোতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সহনশীলতার রাজনীতি—গোটা দেশের মানুষের এটাই চাওয়া।’