অপরাধশিরোনাম

ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে বহিষ্কার করে প্রজ্ঞাপন

নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।
এর আগে দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি প্রক্রিয়াধীন বলে দেশ রূপান্তরকে জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।
গত সোমবার দুপুরে হাজী সেলিমের পুরান ঢাকার দেবীদাস ঘাটের বাড়িতে অভিযান চালিয়ে ইরফান সেলিমকে গ্রেপ্তার করে র‌্যাব। অভিযানে অবৈধ অস্ত্র, ইয়াবা, ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়।
অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম দুটি আলাদা অভিযোগে ইরফান ও হাজী সেলিমের দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে ছয় মাস করে এক বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগে আলাদা দুটি মামলার প্রস্তুতি নিচ্ছে র‌্যাব।
সোমবার ভোরে হাজী সেলিমের ছেলে ইরফান, গাড়িচালক, দেহরক্ষীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান।
এজাহারের বরাত দিয়ে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) কামরুন্নাহার জানান, মামলায় চারজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।
ওই চার আসামি হলেন মোহাম্মদ ইরফান সেলিম, দেহরক্ষী মোহাম্মদ জাহিদ, হাজী সেলিম ও মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমান।
ইরফান নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর জামাতা। গ্রেপ্তার দিপু এবং মিজানকে ইতোমধ্যে রিমান্ডে পেয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button