বিনোদনশিরোনাম

মাদক কিনতে গিয়ে অভিনেত্রী গ্রেপ্তার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য দিয়ে তদন্তের শুরু। সে ঘটনাকে পাশ কাটিয়ে কেন্দ্রে চলে আসে তারকাদের মাদকাসক্তির বিষয়টি। একই সময়ে আলোচনায় আসে দক্ষিণ ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির মাদক কেলেঙ্কারিও। এ নিয়ে গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন।
এবার মাদক কিনতে গিয়ে গ্রেপ্তার হলেন জনপ্রিয় সিরিয়ালের অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহানকে গ্রেপ্তার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো তথা এনসিবি। অভিযোগ, রবিবার মুম্বাইয়ের ভারসোভা থেকে এক ব্যক্তির কাছ থেকে মারিজুয়ানা সংগ্রহ করেছিলেন ওই অভিনেত্রী। তার কাছ থেকে ৯৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ফয়জল নামে এক ব্যক্তিকেও।
সাবধান ইন্ডিয়া, সিআইডি, সংকটমোচন মহাবলী হনুমান সিরিয়ালে অভিনয় করেছেন প্রীতিকা। ‘মহাবলী হনুমান’-এ দেবী সরস্বতীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাকে।
হিমাচল প্রদেশের বাসিন্দা প্রীতিকা প্রথম অভিনয় শুরু করেন ২০০৫ সালে। ছোটপর্দাতেই সাধারণত কাজ করেছেন তিনি।
এর আগে শুক্রবার কোকেন পাচারকারীদের সঙ্গে জড়িত থাকার দায়ে বলিউড অভিনেতা অর্জুন রামপালের প্রেমিকার ভাই অজিসিলাওস ডেমেট্রিয়াদেশকে গ্রেপ্তার করেছে এনসিবি।
বেআইনি মাদক সাপ্লাইয়ের জন্য শাহিল আলী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কিছুদিন পরেই গ্রেপ্তার করা হয় দক্ষিণ আফ্রিকার ওই নাগরিককে। অভিযুক্ত শাহিল জানিয়েছে, তার কাছ থেকে বেশ কয়েকবার কোকেন সংগ্রহ করেছিল সে। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়।
গত মাসে দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং-এর মতো বলিউডের প্রথম সারির অভিনেত্রীকে এনসিবির প্রশ্নের মুখে পড়তে হয়। মাদককাণ্ডে জেলে থাকতে হয়েছে সুশান্তর প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। এখনও জেলহাজতে তার ভাই শৌভিক-সহ কয়েকজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button